Views Bangladesh Logo

সংসদে প্রকাশ্যে মোবাইল ব্যবহার, রুলিং দিয়ে এমপিদের সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের বৈঠক চলাকালে অধিবেশন কক্ষে এক সংসদ সদস্যের প্রকাশ্যে মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় সব সদস্যকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রুলিং দিয়ে তিনি বলেন, অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না; এটি রীতিবিরুদ্ধ এবং এই নির্দেশনা সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন—এটাই প্রত্যাশা।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় ঘটনাটি ঘটে।

আলোচনার একপর্যায়ে এক সংসদ সদস্যকে প্রকাশ্যে মোবাইল ব্যবহার করতে দেখে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য একেএম মোশারফ হোসেন, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’ পরে বৈঠক চলাকালে ফোন ব্যবহার না করার অনুরোধ জানান স্পিকার।

এরপর পরবর্তী বক্তা হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিমকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান স্পিকার। এদিন বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেন। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয় এবং বিলটি পাস হয়।

তবে বর্তমান সংসদে ‘একেএম মোশাররফ’ নামে কোনো সংসদ সদস্য নেই। সংসদে মোশাররফ নামের সদস্য রয়েছেন তিনজন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি পটুয়াখালী-৪ আসনের এবিএম মোশাররফ হোসেন এবং বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন। তিনজনই বিএনপিদলীয় এমপি।

সংসদের বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্পিকার মন্তব্যটি করেছিলেন বগুড়া-৪ আসনের মোশারফ হোসেনকে উদ্দেশ করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ