Views Bangladesh Logo

দেশে ফিরেছেন স্পিকার

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার গত ১৯ জুলাই সরকারি সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান। নির্ধারিত সময়ের আগেই সফর শেষ করে তিনি দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে জোর আলোচনা চলার মধ্যেই স্পিকারের দেশে ফেরাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, রাষ্ট্রপতি আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন। তিনি পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করতে পারেন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তবে সরকারিভাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে চাইলে পদত্যাগ করতে পারেন, তবে সরকার এ বিষয়ে কিছু জানে না।

এদিকে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি এখনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। প্রেস সচিব মো. সরওয়ার আলমও বলেছেন, পদত্যাগ করলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ