বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে স্পেনের রাজপরিবার
বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। রোববার রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, টানছে রাষ্ট্রপ্রধানদেরও। স্পেনের রাজপ্রাসাদ নিশ্চিত করেছে, ফাইনাল ম্যাচে জাতীয় দলকে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত থাকবেন দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই মেয়ে প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
এই সফর আসলে রাজা ফিলিপের একটি প্রতিশ্রুতি রক্ষা। বিশ্বকাপের গ্রুপ পর্বে জুনে মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়ে দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি খেলোয়াড়দের কথা দিয়েছিলেন, ফাইনালে না ওঠা পর্যন্ত আর মাঠে ফিরবেন না। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনাল নিশ্চিত করার পর সেই প্রতিশ্রুতি রাখতেই এবার পুরো পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ের সময় বার্সেলোনায় প্রিন্সেস অব জিরোনা পুরস্কার অনুষ্ঠানে ছিলেন রাজা ফিলিপ ও রানি লেতিসিয়া, সেখান থেকেই খেলা দেখেন তারা। ম্যাচ শেষে রাজপরিবারের সদস্যরা স্পেনের ২০২৬ বিশ্বকাপ অ্যাওয়ে জার্সির অনুরূপ, নিজ নিজ নামসংবলিত ও ২৬ নম্বরযুক্ত জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশের ছবি ও ভিডিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের সময় তৎকালীন যুবরাজ ফিলিপ ও রানি লেতিসিয়া স্টেডিয়ামে উপস্থিত থাকলেও লিওনর ও সোফিয়া তখন এতটাই ছোট ছিলেন যে সেই ম্যাচ দেখতে যাননি তারা। রোববারের ফাইনাল তাই তাদের জন্য এই প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ ফাইনাল দেখার অভিজ্ঞতা হতে যাচ্ছে।
চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে স্পেন। পুরো আসরে প্রতিপক্ষকে খুব বেশি সুযোগই দেয়নি স্প্যানিশ রক্ষণভাগ, যা টুর্নামেন্টের অন্যতম সেরা রক্ষণ হিসেবে প্রশংসিত হয়েছে। পুরো আসরে মাত্র একটি গোল হজম এবং ছয়টি ক্লিন শিট রেখে বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের সামনে এখন নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ, যা আর মাত্র এক ম্যাচ দূরে।
মতামত দিন