স্পেনে বৈধতা পাচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী
স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দেওয়ার জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এই উদ্যোগের ফলে স্পেনে থাকা একটি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) এই নিয়মিতকরণ কর্মসূচির অনুমোদন দেয় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার। এর মূল লক্ষ্য হলো যোগ্য অভিবাসীদের স্পেনে আইনত বসবাসের সুযোগ এবং কাজের অনুমতি প্রদান করা।
সামাজিক নিরাপত্তা ও মাইগ্রেশন মন্ত্রী এলমা সাইজ জানিয়েছেন, অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে শুরু হবে। সরাসরি আবেদন গ্রহণ শুরু হবে ২০ এপ্রিল থেকে। আবেদনের শেষ তারিখ ৩০ জুন।
কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী নথিবিহীন অভিবাসীরা এক বছরের আবাসিক ও কর্মসংস্থানের অনুমতি পাবেন। আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করেছেন, অন্তত পাঁচ মাস ধরে সেখানে বসবাস করছেন এবং কোনো ফৌজদারি মামলায় দণ্ডিত নন।
সফল আবেদনকারীরা এক বছর পর দীর্ঘমেয়াদি আবাসিক অনুমতি ও অতিরিক্ত কর্মসংস্থানের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।
স্পেন সরকার জানিয়েছে, শ্রমিক সংকট মোকাবিলা করা এবং নথিবিহীন অভিবাসীদের সামাজিক সুরক্ষা বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মানবাধিকার গোষ্ঠী ও সুশীল সমাজের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের সংস্কারের দাবি জানিয়ে আসছিল। ইউরোপের প্রেক্ষাপটে এ সিদ্ধান্তকে মানবিক ও অভিবাসীবান্ধব পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে