নকআউটের আগে চোটে জর্জরিত স্পেন, বিশ্বকাপ শেষ হতে পারে পিনোর
উরুগুয়েকে হারিয়ে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে স্পেন। তবে জয়ের আনন্দের মধ্যেই বড় ধাক্কা খেয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। দলের দুই গুরুত্বপূর্ণ উইঙ্গার ইয়েরেমি পিনো ও নিকো উইলিয়ামস ইনজুরিতে পড়ায় নকআউট পর্বের আগে বেড়েছে স্প্যানিশ শিবিরের দুশ্চিন্তা। এর মধ্যে পিনোর কাঁধের চোট এতটাই গুরুতর যে, তার এবারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের শেষদিকে কাঁধে চোট পান পিনো। এরই মধ্যে স্পেন তাদের সব পরিবর্তন সম্পন্ন করে ফেলায় তীব্র ব্যথা নিয়েই ম্যাচ শেষ করতে হয় তাকে। ম্যাচ শেষে প্রাথমিক মূল্যায়নে তার চোটকে গুরুতর বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, সম্প্রতি ইনজুরি কাটিয়ে দলে ফেরা নিকো উইলিয়ামস শেষ ১৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেও ম্যাচ শেষে পেশিতে অস্বস্তি অনুভব করেন। এতে তার পুরোনো চোট ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কিছুটা আশাবাদী কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ম্যাচ শেষে স্প্যানিশ কোচ বলেন, ‘নিকোর চোট খুব গুরুতর নয়। এটি হয়তো ক্লান্তি বা পেশিতে টান। তবে আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে ইয়েরেমি পিনো। তার চোট গুরুতর বলেই মনে হচ্ছে। সম্ভবত এই বিশ্বকাপে তাকে আর পাওয়া যাবে না।’
দুই উইঙ্গারের ইনজুরিতে স্পেনের আক্রমণভাগের সংকট আরও প্রকট হয়েছে। দলের আরেক তরুণ তারকা লামিন ইয়ামালও হ্যামস্ট্রিং সমস্যার কারণে গত দুই মাস ধরে কোনো ম্যাচেই পূর্ণ ৯০ মিনিট খেলতে পারেননি। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগেই পেশির চোটে পড়া ভিক্টর মুনোজ এখনও বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি।
উরুগুয়ের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও প্রতিপক্ষের শারীরিক ফুটবলের কথা উল্লেখ করেন দে লা ফুয়েন্তে।
তিনি বলেন, ‘ম্যাচটি শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে। প্রতিপক্ষ বারবার উসকানি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার খেলোয়াড়রা ধৈর্য ধরে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।’
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ বত্রিশের ম্যাচ খেলতে এখন লস অ্যাঞ্জেলেসে যাবে স্পেন। সেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া। তবে নকআউট পর্বের আগে একের পর এক চোট স্পেনের আক্রমণভাগের শক্তিকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে ইয়েরেমি পিনোকে হারালে শিরোপার লড়াইয়ে স্পেনের পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।
মতামত দিন