বিশ্বকাপ জয়ের রাতেই স্পেনের বিশ্বরেকর্ড, টানা ৩৮ ম্যাচ অপরাজিত
বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে একই রাতে আরেকটি ইতিহাসও গড়েছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ড গড়েছে লা রোহা।
এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ডের মালিক ছিল ইতালি। ওই সময় ইউরো ২০২০-এর শিরোপাও জিতেছিল আজ্জুরিরা। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতালির সেই রেকর্ড স্পর্শ করে স্পেন। পরে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে টানা ৩৮তম ম্যাচে অপরাজিত থেকে এককভাবে রেকর্ডটি নিজেদের করে নেয় স্প্যানিশরা।
এবারের বিশ্বকাপে রক্ষণভাগেও অনন্য নজির গড়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে সাতটি ক্লিন শিট রেখে মাত্র একটি গোল হজম করেই শিরোপা জিতেছে দলটি। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে মাত্র একটি গোল হজম করে চ্যাম্পিয়ন হওয়া প্রথম দল এখন স্পেন।
অবশ্য দীর্ঘ সময় অপরাজিত থাকার অভিজ্ঞতা স্পেনের জন্য নতুন নয়। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ৩৫টি আন্তর্জাতিক ম্যাচে হারেনি তারা। সেই ধারাবাহিকতার মধ্যেই ইউরো ২০০৮ জিতে শুরু হয়েছিল স্প্যানিশ ফুটবলের সোনালি অধ্যায়।
স্পেনের বর্তমান অপরাজিত যাত্রা শুরু হয় ২০২৪ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হারের পর। এরপর থেকে নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়—কোনো ম্যাচেই পরাজয়ের মুখ দেখেনি দলটি। যদিও নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হারে তারা। তবে আন্তর্জাতিক ফুটবলের আনুষ্ঠানিক পরিসংখ্যানে টাইব্রেকারের ফল ড্র হিসেবে গণ্য হওয়ায় অপরাজিত থাকার ধারাবাহিকতায় তার কোনো প্রভাব পড়েনি।
স্পেনের এই টানা ৩৮ ম্যাচের অপরাজিত অভিযানে রয়েছে ইউরো ২০২৪ জয়ের গৌরব, আর সর্বশেষ যুক্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপের শিরোপা। ইউরোপ সেরার পর বিশ্বসেরার মুকুট জিতে রেকর্ড গড়ে নিজেদের আধিপত্য আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল লা রোহা।
মতামত দিন