সিউটায় ৭২ হাজার অভিবাসীর ঢল, ৭০ হাজারকে মরক্কোয় ফেরত পাঠাল স্পেন
উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় গত সপ্তাহে অনিয়মিতভাবে প্রবেশ করা প্রায় ৭২ হাজার অভিবাসীর মধ্যে ৭০ হাজারকেই ইতোমধ্যে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্পেন সরকার।
মঙ্গলবার মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে প্রায় ৭২ হাজার মানুষ অনিয়মিতভাবে স্পেনে প্রবেশ করেছিল এবং তাদের মধ্যে ৭০ হাজার ইতোমধ্যে মরক্কোয় ফিরে গেছে।
এর আগে স্পেন ৫০ হাজার অভিবাসী প্রবেশের তথ্য জানিয়েছিল। সর্বশেষ হিসাবে সেই সংখ্যা বেড়ে ৭২ হাজারে পৌঁছেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাকি ব্যক্তিদের আইনি অবস্থান যাচাই করা হচ্ছে। যাদের স্পেনে থাকার বৈধ অধিকার নেই, তাদেরও পর্যায়ক্রমে মরক্কোয় ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো পরিস্থিতি মোকাবিলায় স্পেনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে এবং বৈঠকে সব দেশই গঠনমূলক অবস্থান নিয়েছে।
একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই সংকটের কারণে ইউরোপের শেনজেন অঞ্চল কোনোভাবেই ঝুঁকির মুখে পড়েনি। সিউটার বিশেষ সীমান্ত ব্যবস্থার কারণে মূল ভূখণ্ড স্পেন বা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সীমান্ত ও নথিপত্র যাচাই অব্যাহত রয়েছে।
স্পেন সরকারের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় দেশটির কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে।
মতামত দিন