Views Bangladesh Logo

সূর্যগ্রহণ দেখতে স্পেনে ৬০ লাখ মানুষের ঢল, দাবানলের শঙ্কায় ৩৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

বিরল পূর্ণ সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ স্পেনে। মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৬০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিপুল জনসমাগমের মধ্যেই তীব্র গরম ও দাবানলের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন স্পেনের কর্তৃপক্ষ। সূর্যগ্রহণের দিন দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা। একই সঙ্গে কোথাও উচ্চ, আবার কোথাও অতি উচ্চ দাবানলঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য দর্শনার্থীদের সুবিধায় ৬৬০টি নির্ধারিত পর্যবেক্ষণস্থল, পার্কিং এলাকা ও ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সরকারের আশঙ্কা, প্রায় ১৫ লাখ মানুষ গাড়িতে করে স্পেনের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের গ্রামীণ এলাকাগুলোতে পৌঁছাতে পারেন। এসব অঞ্চলের বেশ কিছু অংশ গ্রহণের পূর্ণতার পথের মধ্যে পড়েছে। বিপুল মানুষের চলাচল এবং শুষ্ক পরিবেশের কারণে সামান্য অসতর্কতাও বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৫ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। মাদ্রিদে স্থাপিত একটি কেন্দ্র থেকে আঞ্চলিক প্রশাসনগুলোর সঙ্গে সমন্বয় করে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। দেশটির বেসামরিক সুরক্ষা ও জরুরি বিভাগের মহাসচিব ভিরহিনিয়া বারকোনেস জানিয়েছেন, জনসমাগম থেকে সৃষ্ট ঝুঁকি কমানোর পাশাপাশি ফেলে দেওয়া সিগারেটের মতো ছোটখাটো কারণ থেকেও যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাপপ্রবাহের পাশাপাশি চলতি বছর স্পেনে দাবানলের পরিস্থিতিও উদ্বেগজনক। পরিবেশ মন্ত্রণালয়ের হিসাবে, এ বছর এখন পর্যন্ত প্রায় ২ লাখ হেক্টর জমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। সোমবার সন্ধ্যা পর্যন্ত হুয়েলভা, সেগোভিয়া ও হুয়েস্কা প্রদেশে তিনটি বড় দাবানল সক্রিয় ছিল। দেশটির বনবিষয়ক প্রকৌশলীদের সংগঠনও সতর্ক করে বলেছে, বছরের এমন একটি সময়ে এবার সূর্যগ্রহণ হচ্ছে, যখন সাধারণত দাবানলের ঘটনা সবচেয়ে বেশি ঘটে।

গ্রামাঞ্চলে বিপুল দর্শনার্থীর উপস্থিতি নিয়েও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাদ্রিদের উত্তরের বুইত্রাগো দে লোসোয়া শহরে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘মন্তে এন পিয়ে’ বনাঞ্চলের কাছে বড় ধরনের আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে। পাশের ত্রেস কান্তোস শহর দাবানলের আশঙ্কায় সূর্যগ্রহণ উপলক্ষে সব অনুষ্ঠান বাতিল করেছে। স্থানীয়দের আশঙ্কা, কয়েক মিনিটের সূর্যগ্রহণের আনন্দের জন্য সামান্য অসতর্কতা দীর্ঘমেয়াদি পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে।

দাবানল ঠেকাতে দর্শনার্থীদের জন্য কঠোর সতর্কতাও জারি করা হয়েছে। অনুমোদনহীন স্থানে গাড়ি না রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা, বারবিকিউ না করা এবং দাবানলপ্রবণ এলাকায় অপ্রয়োজনে প্রবেশ না করার আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সচেতনতামূলক প্রচার। একদিকে বিরল মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষা, অন্যদিকে ভয়াবহ দাবানলের আশঙ্কা, সব মিলিয়ে স্পেনে সূর্যগ্রহণের আয়োজনকে ঘিরে এবার বাড়তি সতর্কতায় রয়েছে প্রশাসন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ