Views Bangladesh Logo

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা, নিরাপদে সরানো হলো ২০ হাজার মানুষ

স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশে ছড়িয়ে পড়া একাধিক দাবানল ভয়াবহ রূপ নেওয়ায় দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। শুক্রবার (২৪ জুলাই) মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশে এ জরুরি অবস্থা জারি করা হয়। স্পেনের ইতিহাসে শুধু দাবানলকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ঘটনা এটিই প্রথম।

সরকার ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সান মার্তিন ও ভিয়া দেল প্রাদো এলাকায় প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে প্রায় ৫০ কিলোমিটার এলাকা গ্রাস করে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে বিস্তৃত হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুন নিয়ন্ত্রণে হাজারো দমকলকর্মী দিনরাত কাজ করলেও প্রতিকূল আবহাওয়া ও দমকা হাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে অতিরিক্ত জনবল ও আধুনিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

জার্মান সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, দাবানলের ঝুঁকিতে মাদ্রিদ-সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ২০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে জায়গার সংকট দেখা দেওয়ায় অনেককে স্কুল ও জিমনেশিয়ামের মেঝেতে রাত কাটাতে হচ্ছে।

পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আগুন মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন ব্যবস্থার আওতায় চারটি অগ্নিনির্বাপণ বিমান চাওয়া হয়েছে। এরই মধ্যে গ্রিস দুটি বিমান পাঠাতে সম্মতি দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা বলেন, শত শত দমকলকর্মী নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে প্রবল বাতাসের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। তিনি জানান, জরুরি অবস্থা ঘোষণার ফলে অতিরিক্ত অর্থ, জনবল ও সরঞ্জাম ব্যবহার করা হবে। পাশাপাশি সামরিক বাহিনীর দুর্যোগ মোকাবিলা ইউনিটকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে যুক্ত করা হয়েছে।

এদিকে স্পেনে বসবাসরত কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, দাবানলের প্রভাবে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে বাংলাদেশিদের পরিচালিত অনেক রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা মারাত্মকভাবে কমেছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ