Views Bangladesh Logo

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস।

মাদ্রিদে সাংবাদিকদের তিনি জানান, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য স্পেন তাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না।

এর আগে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি নাকচ করেছিল দেশটি; নতুন এই সিদ্ধান্তকে আরও বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্পেন ন্যাটোর সদস্য হওয়ায় এ সিদ্ধান্তের প্রভাব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে। তবে জরুরি পরিস্থিতিতে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।

এ সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, স্পেন একতরফাভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া কোনো যুদ্ধকে সমর্থন করে না। এই সিদ্ধান্ত সেই নীতিরই প্রতিফলন।

এর আগে থেকেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করে আসছেন। তিনি এসব হামলাকে ‘বেপরোয়া’ ও ‘অবৈধ’ বলে উল্লেখ করেন।

অন্যদিকে, স্পেনের এ অবস্থানের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকিও দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: রয়টার্স

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ