Views Bangladesh Logo

বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে তদন্তের নির্দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং। একই সঙ্গে ভবিষ্যতে এমন ব্যর্থতা এড়াতে ক্রীড়া প্রশাসনে প্রয়োজনীয় সংস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

বিশ্বকাপে চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল ২০০২ সালের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া। তবে পরবর্তী দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে। তিন ম্যাচে তিন পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা তৃতীয় দল হিসেবেও শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি তারা।

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর ব্যর্থতার দায় স্বীকার করে জাতীয় দলের প্রধান কোচ হং মিয়ুং-বো পদত্যাগ করেন। এরপরই দেশজুড়ে দল নির্বাচন, কোচ নিয়োগ এবং ফুটবল প্রশাসন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ প্রেক্ষাপটে এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং বলেন, “বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে অংশ নিতে করদাতাদের অর্থ এবং রাষ্ট্রীয় তহবিল ব্যয় করা হয়। তাই এই ব্যর্থতার কারণ নিরপেক্ষভাবে তদন্ত ও বিশ্লেষণ করা জরুরি।”

তিনি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে জাতীয় দলের ব্যর্থতার পেছনের কারণগুলো খতিয়ে দেখে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে জাতীয় ক্রীড়া ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার আনার কথাও জানান তিনি।

প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের ব্যর্থতার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য ক্রীড়া প্রশাসনের কাঠামো, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং দায়িত্বশীলতার জায়গাগুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।

দক্ষিণ কোরিয়ার এই ব্যর্থতা দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক হতাশার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ ব্যর্থতার পর প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ ফুটবল প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী কাঠামো গড়ে তোলার প্রচেষ্টারই অংশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ