দক্ষিণ কোরিয়ায় দাবদাহে ১৬ জনের মৃত্যু
নজিরবিহীন তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ায় দাবদাহজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ুং বলেছেন, চরম আবহাওয়া এখন ক্রমেই নিয়মিত হয়ে উঠছে। এ বাস্তবতায় জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যবস্থায় মৌলিক সংস্কার প্রয়োজন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট লি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। একই সঙ্গে তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে তিনি বলেন, চরম আবহাওয়া এখন নতুন বাস্তবতায় পরিণত হচ্ছে। তাই জাতীয় সংকট মোকাবিলা ব্যবস্থাকে সময়োপযোগী করতে আমাদের মৌলিক সংস্কারের উদ্যোগ নিতে হবে।
এদিকে কোরিয়া আবহাওয়া প্রশাসন জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে রোববার ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ১২২ বছরের আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে এটি সর্বোচ্চ তাপমাত্রা।
অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে রাজধানী সিউল ও আশপাশের এলাকায় দাবদাহ পরিস্থিতি আরও তীব্র হয়েছে। সোমবার প্রথমবারের মতো সিউলের কয়েকটি অংশ এবং পার্শ্ববর্তী গিয়েওংগি অঞ্চলের জন্য বিশেষ দাবদাহ সতর্কতা জারি করা হলেও মঙ্গলবার তা পুরো রাজধানীজুড়ে সম্প্রসারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
মতামত দিন