অনশনের ২১তম দিনে শারীরিক অবস্থার অবনতি, সোনম ওয়াংচুককে হাসপাতালে নিলো পুলিশ
পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ২১তম দিনে হাসপাতালে ভর্তি করা হলো লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশবাদী সোনম ওয়াংচুককে। শনিবার ভোরে (১৮ জুলাই) দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদস্থল থেকে ৫৯ বছর বয়সী এই আন্দোলনকারীকে সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দিল্লি হাইকোর্টের পূর্ব নির্দেশিকা এবং চিকিৎসকদের জরুরি পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি হাইকোর্ট ওয়াংচুকের জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে তাঁর দৈনিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সোনম ওয়াংচুক বর্তমানে সচেতন রয়েছেন এবং তাঁর শরীরের জরুরি সূচকগুলো স্থিতিশীল রয়েছে। তবে টানা ২১ দিন অনশনের কারণে তাঁর ওজন প্রায় ৮ কেজিরও বেশি কমে গেছে। চিকিৎসকরা আগেই সতর্ক করেছিলেন যে, এভাবে অনশন চলতে থাকলে তাঁর শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় স্তরের চিকিৎসা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষা 'নিট' -এর প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেন ওয়াংচুক। একই সঙ্গে ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিও জানান তিনি।
এদিকে আজ সকালে দিল্লি পুলিশ যখন সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করে, তখন যন্তর মন্তরে উপস্থিত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মৃদু উত্তেজনা তৈরি হয়। কিছু বিক্ষোভকারী পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
তবে বর্তমানে প্রতিবাদস্থলের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে শান্ত থেকে যন্তর মন্তর ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন