নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: বাবা-মেয়ের পর মারা গেল ছেলে
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পরিবারটির ১২ বছর বয়সী ছেলে মুন্না বুধবার সন্ধ্যায় মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যা পৌনে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় মুন্নার মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে ১১ মে মুন্নার বাবা সবজি বিক্রেতা মো. মীর কালাম (৩৫) একই হাসপাতালে মারা যান, যার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরদিন ১২ মে মারা যায় তার চার বছর বয়সী মেয়ে কথা। মুন্নার মা সায়মা ও বোন মুন্নি এখনও হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
গত ১০ মে রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এতে কালাম, তার স্ত্রী সায়মা, ছেলে মুন্না এবং দুই মেয়ে মুন্নি ও কথা দগ্ধ হন। পটুয়াখালীর বাউফল উপজেলার বালুকদিয়া গ্রামের বাসিন্দা এই পরিবারটি ওই বাড়িতে ভাড়া থাকত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে