Views Bangladesh Logo

বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া গল্প’ প্রচার করে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারতের কয়েকটি সংগঠন— এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) এনসিপির দফতর সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে।’ পাশাপাশি বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিদেশি শক্তির ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশের নির্বাচিত সরকারকে ‘অবৈধ’ বলেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনসিপির দাবি, ভারত রাষ্ট্রের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে সেই ঘটনাগুলো ভারতের কাছে তুলে ধরছে, যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়।

এনসিপির মতে, এ ধরনের কর্মকাণ্ড এবং ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের জনগণ, চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বহিরাগতদের সব ধরনের হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে এনসিপি বিশ্বাস করে।

একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটি বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত অবিলম্বে এ ঘটনার বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক মহলে ভারতের কথিত হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ