Views Bangladesh Logo

‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’

নাগরিক আন্দোলনের নেতা মিজানুর রহমান বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করতে হবে। মানুষ আর কোনো অজুহাত শুনতে চায় না।

সরকারের ছয় মাসের সময় চাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছয় মাস পার হয়ে গেছে, কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। এখন নানা অজুহাত দাঁড় করাচ্ছেন। ১৭ বছরের দোহাই আর দিয়েন না।’

শুক্রবার রাজধানীর জুরাইনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে এলাকাবাসীর আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে মিজানুর রহমান বলেন, ‘আপনারা ভয় দেখাবেন না, দেখানোর চেষ্টাও করবেন না। মানুষ তিন বছর আগে ভয়কে জয় করেছে।’

তিনি বলেন, জুরাইনের মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস, বিদ্যুৎ ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন। কিন্তু এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

মিজানুর রহমান বলেন, নাগরিক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে গেলে কর্মকর্তারা তাদের মানুষ হিসেবে মূল্যায়ন করেন না। অন্যদিকে জনপ্রতিনিধিরা ভোটের সময় এসে নানা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর খোঁজ নেন না।

সমাবেশকে ‘উঠান বৈঠক’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আপনাদের কার্যক্রম এক মাস দেখব। আমাদের সমস্যার সমাধান না হলে পরের পরিস্থিতির জন্য জনগণকে দায়ী করতে পারবেন না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সমস্যা সমাধান না হলে এলাকাবাসীকে নিয়ে মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়া হবে।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের দাবি কীভাবে আদায় করতে হয়, আমরা দেখিয়ে দেব। আমাদের তেমন পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না।’

সরকারের বিমান কেনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা শুনছি আপনারা বোয়িং কিনছেন। দফায় দফায় চুক্তি করছেন। আমি বলব, আগে মানুষের মৌলিক চাহিদা পূরণ করুন, বোয়িং পরে কিনুন।’

বিদেশিদের খুশি করতে বেশি দামে কেনাকাটার মাধ্যমে ইচ্ছা করে সংকট তৈরি করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, আগেও সংকট ছিল, তবে তা এতটা মারাত্মক হয়নি। বর্তমান সরকারের সময়ে কেন পরিস্থিতি এত খারাপ হলো, সেই প্রশ্নের জবাব দিতে হবে। দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

‘শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনগণ’ ব্যানারে আয়োজিত সমাবেশটি সঞ্চালনা করেন মাহদী। এতে আরও বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সোহাগ রায়, আলতাব হোসেন, সাগর, মামুন, বাসের আলীসহ অনেকে।

বক্তারা বলেন, মানুষ তারেক রহমানের ওপর অনেক আস্থা রেখেছিল। কিন্তু গ্যাস, বিদ্যুৎসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে—এমন লক্ষণ তারা দেখতে পাচ্ছেন।

তারা আরও বলেন, এই এলাকার মানুষ আন্দোলন করতে জানে। অতীতে বিক্ষুব্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে তারা সতর্ক করে বলেন, এবারও মানুষ ক্ষুব্ধ হলে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সে জন্য জনগণকে দায়ী না করে আগেই সমস্যার সমাধান করতে হবে।

সমাবেশ শেষে এলাকাবাসী একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি জুরাইনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ