Views Bangladesh Logo

হলান্ডে ভর করে ব্রাজিল-বধের ছক কষছেন নরওয়ে কোচ সুলবাকেন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার হাতছানি নরওয়ের সামনে। এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে জিতে দুর্দান্ত ছন্দেও আছে দলটি। তবে সেরা অর্জনের এই সুযোগ কাজে লাগাতে হলে পেরোতে হবে ব্রাজিল-বাধা। নরওয়ে কোচ স্তল সুলবাকেনের বিশ্বাস, মাথা ঠান্ডা রেখে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলে কঠিন এই বাধা টপকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নিউ ইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। ৬ জুলাই ম্যাচটি শুরু হবে রাত ২টায়।
‘হেক্সা’ জয়ের স্বপ্ন নিয়ে আসা ব্রাজিল এবারের আসরের অন্যতম ফেভারিট। অথচ পরিসংখ্যানের খাতায় নরওয়ের বিপক্ষে সেলেসাওদের কোনো সাফল্যই নেই—এ পর্যন্ত মুখোমুখি চার লড়াইয়ের একটিতেও জেতেনি ব্রাজিল।

বিশ্বকাপে দুই দলের সবশেষ সাক্ষাতে শেষ হাসি হেসেছিল নরওয়েই; ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে তারা হারিয়েছিল ২-১ গোলে। আর্লিং হলান্ডের মতো এক গোলমেশিনকে নিয়ে এবার আরও আত্মবিশ্বাসী দলটি। তবে সুলবাকেন মনে করিয়ে দিচ্ছেন, স্নায়ুচাপ সামলে রক্ষণ জমাট রেখেই খেলতে হবে তাদের।

তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী নয়, আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। নিশ্চিত করতে হবে, উপলক্ষ্য অনুযায়ী আমরা যেন না খেলি, কিন্তু যেন সহজাত ফুটবলটা খেলি। লেফট ও রাইট ব্যাক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাথে দুই উইং ব্যাককে সাহায্য করাও গুরুত্বপূর্ণ, যাতে তাদের ওয়ান অন ওয়ান পরিস্থিতির মুখোমুখি হতে না হয় এবং একাই লড়াই করার পরিস্থিতিতে পড়তে না হয়। আশা করি, আমরা জায়গা (জোন) ধরে খেলার কৌশলে থাকতে পারব। তাহলে, রক্ষণে যেই থাকুক না কেন, সে পাশে খেলোয়াড়ের সাহায্য পাবে।

চলতি আসরে নরওয়ের এই ছুটে চলায় বড় অবদান হলান্ডের; ইতিমধ্যে পাঁচ গোল করে ফেলেছেন এই ফরোয়ার্ড। হলান্ডের কাছে বল পৌঁছে দেওয়ার উপায় খুঁজে পাওয়ায় সন্তুষ্ট সুলবাকেন। প্রতিপক্ষের ভুলের দিকে তাকিয়ে না থেকে নিজেদের খেলাতেই তার যত মনোযোগ।

তিনি বলেন, আমার মনে হয়, হালান্ডকে সহযোগিতা করার এবং তাকে বলের জোগান দেওয়ার পথ খুঁজে পেয়েছি আমরা। আমরা এমন একটা দল, যারা ব্রাজিলের জন্য অপেক্ষা করতে পারি না। কেননা, আমরা আক্রমণাত্মক মানসিকতার দল। ব্রাজিলের বিপক্ষে ৯০ বা ১২০ মিনিটের খেলায়, আমাদের স্বল্প বা দীর্ঘমেয়াদে রক্ষণ সামলাতে হতে পারে, তখনও আমাদের সেরা পর্যায়ে থাকতে হবে।’

তিনি আরও বলেন, আমি মনে করি না, তারা খুব বড় (মাপের দল), বিশাল ফেভারিট, কয়েক বছর আগে যেমনটা ছিল…লম্বা সময় ধরে আমরাও ভালো ছন্দে ছুটছি এবং দারুণ আত্মবিশ্বাস আছে আমাদের। বল পায়ে আমাদের খেলার ভালো একটা ধরন আছে এবং আমি মনে করি, এটা আমাদের সাহায্য করে।

ব্রাজিলের বিপক্ষে জয়ের সম্ভাবনা কতটুকু—এমন প্রশ্নের জবাব সুলবাকেন দিলেন অনেকটা গতানুগতিক ঢঙে। তিনি বলেন, এই ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা কত শতাংশ, সেটা ঠিকঠাক বলা কঠিন। এটা ৬০-৪০ বা ৭০-৩০ হতে পারে। যাই হোক না কেন, গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা নিজেদের দিনে ব্রাজিলকে আঘাত করতে পারি, কিন্তু এজন্য আমাদের সেরা ছন্দে থাকা দরকার; নয়তো কোনো সুযোগ নেই। যদি, আমরা নিজেদের সেরা, সেরা ছন্দে থাকি, তাহলেই কেবল সুযোগ থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ