ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেলেন নজরুল ইসলাম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তিনি এই পদে স্থলাভিষিক্ত হলেন।
ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
দায়িত্ব গ্রহণের পর এস এন নজরুল ইসলাম জানান, সরকারি নিয়ম অনুযায়ী মো. সারোয়ার অবসরে গেছেন। নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নজরুল ইসলামকে সম্প্রতি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হলেও তিনি সেখানে এখনো যোগদান করেননি। এ অবস্থায় তাকে ডিএমপির অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করার পর ২৬ মার্চ থেকে মো. সারোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী নভেম্বর পর্যন্ত তার চুক্তিকালীন মেয়াদ থাকার কথা ছিল। অন্যদিকে, এস এন নজরুল ইসলাম ২০২৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে কর্মরত রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে