Views Bangladesh Logo

ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

জুলাই অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়া ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা রেখে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের একদল নেত্রী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে সংগঠনটির ১০-১২ জন নেতাকর্মীকে দেখা যায়।

এ বিষয়ে সংগঠনটির এক নেত্রী টেলিফোনে গণমাধ্যমকে বলেন, আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি। ধানমন্ডির এই দলীয় কার্যালয় আবারও মুখরিত হয়ে উঠবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। সেদিন দেশজুড়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি দলীয় সভাপতির কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

পরবর্তীতে প্রায় ছয় মাস পর স্থানীয় কিছু ব্যক্তি পোড়া ভবনটিতে অবস্থান নেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গেলে হয়রানির অভিযোগও উঠে।

গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। তবে এ অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকজন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে কিছুক্ষণ স্লোগান দেন এবং পরে চলে যান।

২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিন তলা ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য কক্ষ ছিল।

দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র উত্তরণের অফিস। এ ছাড়া তৃতীয় তলায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত।

প্রথমে ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কিনে নেয়। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে পাশের চার তলা দুটি ভবন কিনে দলীয় সভাপতির কার্যালয়টির সম্প্রসারণ করা হয়।

সে সময় ভবন দুটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে কেনা হয়। এই দুই ভবনে দলের কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর নেতারা এবং কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বসতেন। এখানকার একটি কক্ষে আওয়ামী লীগের বিভিন্ন প্রকাশনা বিক্রির স্টল ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ