বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি রয়েছে—এমন বাসই শুধু সড়কে চলাচল করতে পারবে।
বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। কোনো যানবাহন এসব কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
বিআরটিএর আইনজীবী আরও বলেন, সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।
তার ভাষ্য অনুযায়ী, আদালতও বলেছেন, বিআরটিএ যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই কেবল সড়কে চলতে পারবে। স্লিপার বাস চালানোর জন্য বর্তমানে বিআরটিএর অনুমতি নেই এবং হাইকোর্টও এ ধরনের বাস চালানোর অনুমতি দেননি।
মতামত দিন