Views Bangladesh Logo

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

স্লিপার বাস চলাচলের বৈধতা ও এ খাতের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার বাস মালিক সমিতির নেতাকর্মীরা। রোববার (২৩ আগস্ট) দুপুরে তাদের অবস্থানের কারণে এয়ারপোর্ট-বনানী সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভের আগে সমিতির নেতারা স্লিপার বাস খাতের বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনার জন্য পৃথক নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিটের জটিলতা দ্রুত নিরসন এবং আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ করা।

মালিক সমিতির নেতারা বলেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই পরিবহন ব্যবস্থার সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। কোনো বিকল্প ব্যবস্থা না করে স্লিপার বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে বিনিয়োগকারীদের পাশাপাশি এসব শ্রমিকও বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন।

তাদের দাবি, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে আন্তর্জাতিক মান অনুসরণ করে বাসগুলোর কারিগরি ও নিরাপত্তা কাঠামো নির্ধারণের দাবি জানান।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনারও প্রস্তাব দেন মালিক সমিতির নেতারা। তারা বলেন, আইন ও সরকারি বিধিবিধান মেনে চলতে তারা প্রস্তুত। তবে আধুনিক এই পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট মালিক, শ্রমিক, বিশেষজ্ঞ ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত নীতিমালা করা প্রয়োজন।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউল হক বলেন, স্লিপার বাসের বৈধতার দাবিতে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেন। তবে তাদের অবস্থানের কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়েছে।

পরে স্লিপার বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ নেতারা বিআরটিএ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ