আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির দায়িত্বে স্লাভকো ভিনচিচ
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। বৃহস্পতিবার ফিফা এই ঘোষণা দেয়। ৪৬ বছর বয়সী এই রেফারি রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচে বাঁশি বাজাবেন। এটি তাঁর রেফারিং ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব।
প্রায় ৮০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ভিনচিচের সহকারী হিসেবে মাঠে থাকবেন তাঁরই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।
ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কলিনা এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে ভিনচিচকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান ভিনচিচ। এরপর গত দেড় দশকে ইউরোপের বড় বড় প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবং আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-রেঞ্জার্সের ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগ ফাইনাল তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।
২০২২ কাতার বিশ্বকাপে অভিষেক হয় ভিনচিচের, সেবার দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি। চলতি ২০২৬ আসরেও এরই মধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন— গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়া, এবং শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ। ফাইনালটি হবে তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ।
আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের অভিজ্ঞতা এর আগে মাত্র একবারই হয়েছে— ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। সেই ম্যাচে ২-১ গোলে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারায় লিওনেল মেসির দল। ম্যাচের সপ্তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের জন্য পেনাল্টি দেন ভিনচিচ, যা থেকে গোল করেন মেসি। সেই ম্যাচে সৌদি আরবের ছয় খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কেউ দেখেননি।
স্পেনের সঙ্গে অবশ্য ভিনচিচের পরিচয় অনেক পুরোনো। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর ২০২০ ইউরোয় স্পেন-সুইডেন ম্যাচ এবং ২০২৩ সালে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচও পরিচালনা করেন তিনি। লামিনে ইয়ামালের সঙ্গেও দুটি স্মরণীয় ম্যাচ আছে তাঁর— ২০২৪ ইউরোয় ইতালির বিপক্ষে স্পেনের ১-০ গোলের জয় এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয়, যেখানে দূরপাল্লার এক দুর্দান্ত গোলে আলোচনায় আসেন ইয়ামাল নিজেই।
বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের দেখা হয়েছে মাত্র একবার, ১৯৬৬ সালে। রোববারের ফাইনালে চতুর্থ শিরোপার লক্ষ্যে নামবে আর্জেন্টিনা, আর ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার খোঁজে থাকবে স্পেন।
মতামত দিন