এস কে সুরের স্ত্রী ও কন্যার আগাম জামিন স্থগিত
সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
এ সংক্রান্ত আপিল আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিজানুর রহমান। আর দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট।
বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। পরে এই আদেশ স্থগিত করার জন্য আপিল বিভাগে আবেদন করা হয়।
তার আগে গত বছরের ২২ ডিসেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা না দেয়ায় এসকে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
দুদকের উপ-পরিচালক মো. আখতারুল ইসলাম জানান, সম্পদের বিবরণী জমা না দেয়ার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি দেয় দুদক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে