পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচ কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে বিভিন্ন পদে দেওয়া হয়েছে। আর অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
এক প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
অন্য এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনি এতদিন পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল।
নতুন আদেশ অনুযায়ী, মাগুরা সদর সার্কেলে বদলির সিদ্ধান্ত বাতিল করে সাইফুল আলম খানকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে বদলি করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার টিআর শাখার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।
মতামত দিন