Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন করে এবং অন্য দুই বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৬৮ জন, চট্টগ্রামে ২৭৩ জন, সিলেটে ১৬৪ জন, বরিশালে ১২৩ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৮৫ জন, রাজশাহীতে ২৭ জন এবং রংপুরে ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ