মুম্বাইয়ে ভারী বর্ষণে ভবন ধস, শিশুসহ নিহত ৬
ভারতের রাজধানী মুম্বাইয়ে টানা ভারী বর্ষণের কারণে ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি একদিনের জন্য
শহরের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের মানখুর্দ এলাকার একটি বস্তিতে দুই থেকে তিনটি বহুতল বাড়ি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়। অন্যদিকে, ভারী বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। এতে মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মুম্বাই ও পুনের মধ্যে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সড়কের ওপর বিশাল কংক্রিটের ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং একটি টানেলের ছাদ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে।
বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে সড়কপথের পাশাপাশি আকাশ ও রেল যোগাযোগেও। বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে। একই সঙ্গে মুম্বাই ও পুনের মধ্যে চলাচলকারী বেশ কিছু দূরপাল্লার ট্রেনসহ অনেক ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে।
এদিকে গত মাসের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ার ঘটনাও বেড়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ইতোমধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে, রাস্তায় ও ওলি-গলিতে কোমর সমান পানি ভেঙে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। এমন উদ্ভুত পরিস্থিতিতে সোমবারের জন্য মুম্বাই শহরের স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে কিছু এলাকায় ১৬১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।
সংস্থাটি আরও জানায়, সোমবার রাজধানী দিল্লি ও আশপাশের জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) অনেক এলাকায় হালকা থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মতামত দিন