Views Bangladesh Logo

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬

ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) স্থানীয় সময় সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রিও দোস বান্দেইরান্তেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমের পার্কিং লটে আছড়ে পড়ে। এতে পার্কিংয়ে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তবে বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস বলেন, এসব ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাস এবং তীব্র তাপের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি সময় ও পানি প্রয়োজন হয়েছে।

উদ্ধারকারীরা জানান, পার্কিং লটের ভেতরে জ্বলন্ত গাড়িগুলোর মধ্যে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখান থেকে পাঁচজন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। অপর হেলিকপ্টারটি প্রায় ১০০ মিটার দূরে পড়ে ছিল, যেখানে পাইলটের মরদেহ পাওয়া যায়। ফলে দুর্ঘটনায় মোট ছয়জনের প্রাণহানি ঘটে।

কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। হেলিকপ্টার দুটি আবাসিক ভবনের ওপর না পড়ে শোরুমের খোলা পার্কিং লটে পড়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। অন্যথায় হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এ দুর্ঘটনার আগ পর্যন্ত ব্রাজিলে অন্তত ৮৪টি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই মর্মান্তিক দুর্ঘটনা দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ