ভারতের মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৬
ভারতের মুম্বাই শহরের কুর্লা এলাকায় ভূমিধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও চার থেকে পাঁচজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন কর্মকর্তারা।
ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) এর ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার (১২ আগস্ট) ভোররাত ৩টা ৪৮ মিনিটে ঘাটকোপার এলাকার গাউসিয়া চালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, টিলার একাংশ অংশ হঠাৎ ধসে পড়লে ধ্বংসাবশেষ পাশের দুই থেকে তিনটি বাড়ির ওপর গিয়ে পড়ে। এতে কয়েকজন বাসিন্দা ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে একাধিক উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের দ্রুত অবস্থান শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে বিশেষায়িত ‘ভিক্টিম-ডিটেকশন ক্যামেরা’।
ভূমিধসের ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বিএমসি মেয়র রিতু তাওড়ে এবং পূর্ব শহরতলির অতিরিক্ত পৌর কমিশনার অবিনাশ ধাকনে। এ সময় নিহতদের পরিবারের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন মেয়র।
এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) গণেশ শিন্দে সাংবাদিকদের বলেন, ‘জরুরি উদ্ধারকারী দল ও স্থানীয় কর্তৃপক্ষ অবিরাম কাজ চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো তিন থেকে চারজন আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়।’
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটকোপার থানা পুলিশ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন