Views Bangladesh Logo

মার্কিন হেফাজতে এখনো ২২ ইরানি নাবিক, মুক্তি পেলেন ৬ জন

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্তৃক জব্দকৃত ইরানি কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’-এর ২৮ জন নাবিকের মধ্যে ৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই মুক্তি সম্ভব হয়েছে। তবে এখনো বাকি ২২ জন নাবিক মার্কিন হেফাজতে রয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওমান উপসাগর দিয়ে ইরান অভিমুখে যাওয়ার সময় জাহাজটি নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী। ওই সময় জাহাজটিতে মোট ২৮ জন ইরানি নাবিক ছিলেন। ইরান এই ঘটনাকে ‘দস্যুতার শামিল’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবিকদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা শুরুতে কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। বরং ‘আনুষ্ঠানিক ও কূটনৈতিক পথে’ সংকটের সমাধানের ওপর জোর দেয় তেহরান। সেই ধারাবাহিক তৎপরতার প্রথম ধাপে ৬ জন নাবিক ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। বাকিদের মুক্তির বিষয়ে ইরানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে জাহাজ জব্দের ঘটনার পরপরই ওই অঞ্চলে মার্কিন নৌযানের গতিবিধি লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই পাল্টাপাল্টি ঘটনার জেরে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালি এলাকায় ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ