Views Bangladesh Logo

আদাবরে বিকাশের দোকানে ছিনতাই ও পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৬

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই এবং পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় কুখ্যাত কব্জি কাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৮ জুন) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২-এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার মুহতামিম হাসান। তিনি জানান, গ্রুপের বাকি সদস্যদের ধরতে এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার, যখন আদাবরের একটি দোকানে ঢুকে বিকাশ এজেন্ট শফিকুলকে চাপাতি দিয়ে কুপিয়ে তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে এ ঘটনায় গুরুতর আহত শফিকুলকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছিনতাইয়ের পর ওইদিন বিকেলেই আসামিদের গ্রেপ্তারে মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় অভিযানে নামে আদাবর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রুপের সদস্য টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় আদাবর থানার ওসি ও এক এসআইকে চাপাতি নিয়ে অতর্কিত হামলা করে।

আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে হাতুড়ি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দুজনসহ আটক চারজনকে পরে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ