আজ সিঙ্গেল দিবস, একা থাকাকে উদযাপনের দিন
আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। যারা সঙ্গীহীন বা অবিবাহিত, তাদের জন্য দিনটি একা থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া ও নিজের মতো করে সময় কাটানোর উপলক্ষ হিসেবে পালন করা হয়। একা থাকা মানেই মন খারাপ বা অপূর্ণতা—এমন ধারণার বাইরে এসে নিজের জীবন, পছন্দ ও ভবিষ্যৎ নিয়ে ভাবার দিন হিসেবেও অনেকে সিঙ্গেল দিবসকে দেখেন।
সিঙ্গেল থাকার কিছু ইতিবাচক দিকও রয়েছে। সম্পর্কের দায়বদ্ধতা না থাকায় নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত আগ্রহ ও পছন্দের কাজের জন্য তুলনামূলকভাবে বেশি সময় দেওয়া সম্ভব। নিজের যত্ন নেওয়া, নতুন কিছু শেখা, ভ্রমণ কিংবা বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও থাকে।
‘আগে নিজেকে ভালোবাসতে হবে’—এমন কথাও প্রায়ই শোনা যায়। একা থাকার সময় নিজের প্রয়োজন, পছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তাই সঙ্গী নেই বলে মন খারাপ না করে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করার বার্তাই সিঙ্গেল দিবসের সঙ্গে যুক্ত হয়েছে।
তবে সিঙ্গেল দিবসের ইতিহাস নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। ডেজ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, চীনে সিঙ্গেল দিবসের প্রচলন শুরু হয় ১৯৯০-এর দশকে। নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ১১ নভেম্বর দিনটিকে একা থাকা মানুষের উদযাপনের দিন হিসেবে বেছে নেন বলে ধারণা করা হয়। তারিখটিতে চারটি ‘১’ থাকায় সেটিকে একক ব্যক্তির প্রতীক হিসেবে দেখা হয়েছিল।
পরে এই ধারণা চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে দেশটির জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে। ১১ নভেম্বর চীনে অনেকে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান, ঘুরতে বের হন এবং নিজেদের জন্য কেনাকাটা করেন। একপর্যায়ে দিনটি বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক কেনাকাটার দিনেও পরিণত হয়।
অন্যদিকে ২৩ সেপ্টেম্বরকে সিঙ্গেল দিবস হিসেবে পালনের প্রচলন রয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। দেওয়া তথ্য অনুযায়ী, কারেন রিড নামের এক ব্যক্তি দিবসটির প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং শুরুতে ১ জানুয়ারি দিনটি পালন করা হতো। পরে ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশভেদে তারিখ ও পালনের ধরন আলাদা হলেও মূল ভাবনাটি একই—সঙ্গী না থাকার বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে নিজের জীবন ও স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া। তাই আজকের দিনটি সিঙ্গেলদের জন্য হতে পারে নিজের প্রতি একটু বেশি যত্নশীল হওয়ার, পছন্দের কাজ করার কিংবা কাছের মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি উপলক্ষ।
মতামত দিন