মন ভালো রাখতে যা করবেন
জীবনের প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে অনেক সময় মন খারাপ হয়ে যায়। তবে মন খারাপ মানেই মানসিক রোগ নয়। এটি মানুষের স্বাভাবিক আবেগ। কখনো হতাশা, কখনো ক্লান্তি, আবার কখনো একাকীত্বও মনকে ভারী করে তোলে।
বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট কিছু অভ্যাস বদলে ফেলতে পারলে মনকে অনেকটাই ভালো রাখা সম্ভব। প্রতিদিনের জীবনে সামান্য কিছু ইতিবাচক পরিবর্তন মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে পারে সহজেই।
নিচে তুলে ধরা হলো মন ভালো রাখার কিছু কার্যকর উপায়—
১. পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার জরুরি
শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। তাই নিয়মিত ও পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।
খাবারের সময় এলোমেলো না করে নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাসও মানসিক স্থিতি বজায় রাখতে সহায়ক। অতিরিক্ত জাঙ্ক ফুড, সফট ড্রিংক কিংবা অনিয়মিত জীবনযাপন মন খারাপের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।
২. প্রাণ খুলে হাসুন
হাসি শুধু আনন্দের প্রকাশ নয়, এটি এক ধরনের মানসিক থেরাপিও। হাসলে মস্তিষ্কে এন্ডরফিন ও ডোপামিনের মতো ‘ফিল গুড’ হরমোনের নিঃসরণ বাড়ে, যা মনকে শান্ত ও হালকা করে।
তাই সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, মজার ভিডিও দেখুন কিংবা এমন কিছু করুন যা আপনাকে হাসায়। মন খারাপ থাকলেও একটু হাসার চেষ্টা করুন—দেখবেন ধীরে ধীরে মন বদলে যাচ্ছে।
৩. প্রকৃতির কাছে যান
সপ্তাহে অন্তত একদিন শহরের কোলাহল থেকে দূরে কোথাও ঘুরে আসতে পারেন। সবুজ প্রকৃতি, খোলা আকাশ কিংবা নদীর পাড় মানুষের মনে প্রশান্তি এনে দেয়।
বিশেষজ্ঞরা বলেন, প্রকৃতির সংস্পর্শ মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে। সম্ভব হলে খোলা মাঠে হাঁটুন, খেলাধুলা করুন কিংবা সকালে কিছু সময় রোদে দাঁড়ান।
৪. পরিচ্ছন্নতা মনকে প্রশান্ত রাখে
অগোছালো পরিবেশ অনেক সময় অস্থিরতা বাড়িয়ে দেয়। তাই নিজের ঘর, কাজের টেবিল কিংবা ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখার অভ্যাস করুন।
পরিচ্ছন্ন পরিবেশ শুধু চোখের জন্য আরামদায়ক নয়, এটি মনকেও স্বস্তি দেয়। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার একটি পরিবেশ দিনটাকে ইতিবাচকভাবে শুরু করতে সাহায্য করে।
৫. প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন
মন খারাপ থাকলে অনেকেই নিজেকে গুটিয়ে নেন। কিন্তু এটি পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। বরং কাছের মানুষদের সঙ্গে কথা বলুন।
বন্ধুকে ফোন করুন, পরিবারের কারও সঙ্গে মনের কথা শেয়ার করুন কিংবা প্রিয় মানুষের সঙ্গে কিছু সময় কাটান। কারও সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলে মানসিক চাপ অনেকটাই কমে যায়।
মন খারাপ থাকলে কখনোই নিজেকে পুরোপুরি একা করে ফেলবেন না।
৬. নতুন কিছু করার চেষ্টা করুন
একঘেয়ে রুটিন মানুষকে দ্রুত ক্লান্ত ও বিষণ্ন করে তোলে। তাই নতুন কিছু শেখার চেষ্টা করুন।
রান্না শেখা, বই পড়া, ছবি আঁকা, জিমে ভর্তি হওয়া কিংবা ছোট কোনো ভ্রমণের পরিকল্পনা—এসব নতুন অভিজ্ঞতা মনকে সতেজ রাখে। প্রতিদিন সকালে নতুন কিছু করার পরিকল্পনা আপনাকে ইতিবাচক অনুভূতি দেবে।
৭. গান শুনুন, গুনগুন করে গাইতে শুরু করুন
গান মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রিয় কোনো গান মুহূর্তেই মন ভালো করে দিতে পারে।
মন খারাপ থাকলে পছন্দের গান শুনুন কিংবা নিজেই গুনগুন করে গাইতে শুরু করুন। সুরের সঙ্গে মনের ভার অনেকটাই হালকা হয়ে যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে