Views Bangladesh Logo

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর) উদযাপিত হচ্ছে। দেবী শ্যামার আরাধনা এবং অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উৎসবটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে নানা আয়োজন। দেবী কালীর আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি, পাশাপাশি সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

শ্যামাপূজাকে কালীপূজা বা দীপান্বিতা কালীপূজা নামেও অভিহিত করা হয়। অন্যদিকে, বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দীপাবলি আলোর উৎসব হিসেবে পরিচিত হলেও অবাঙালি হিন্দুরা একে দিওয়ালি নামে পালন করেন। অশুভ শক্তি ও অন্ধকারের বিনাশ এবং শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উৎসবটির বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল ১১টা ৫৮ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। এই তিথি শেষ হবে আগামীকাল সোমবার দুপুর ১টা ২ মিনিটে। শ্যামাপূজার মূল আনুষ্ঠানিকতা সাধারণত মধ্যরাতে সম্পন্ন হয়। একই দিনে অনেক পরিবারে লক্ষ্মীপূজার আয়োজনও করা হয়।

উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় বাড়ি, মন্দির ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত পিতা-মাতা ও স্বজনদের স্মরণ করেন অনেকে। বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে আলোকসজ্জা, আরতি, প্রার্থনা এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ মন্দির এবং পোস্তগোলা মহাশ্মশানসহ বিভিন্ন স্থানে শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজার এলাকাতেও রয়েছে উৎসবের আয়োজন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ