Views Bangladesh Logo

পল্লবীতে চলন্ত গাড়ি থেকে গুলি, নারীসহ আহত ২

রাজধানীর পল্লবীতে চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়ার ঘটনায় এক নারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্পের ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলমগীর হোসেন (৪৫) ও পথচারী জ্যোৎস্না বেগম। গুলিতে গুরুতর আহত আলমগীরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জ্যোৎস্না বেগমকে ভর্তি করা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

পল্লবী থানার ওসি হাসান বশীর জানান, চলন্ত একটি ব্যক্তিগত গাড়ি থেকে আলমগীরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় রাস্তা পার হওয়ার সময় ছোড়া একটি গুলি জ্যোৎস্না বেগমের ডান পায়ে লাগে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ‘ল্যাংড়া রুবেল’ ও তার সহযোগী বাপ্পার বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। হামলায় ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, হামলায় জড়িত শ্যুটারকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় পল্লবী থানায় মামলা প্রক্রিয়াধীন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ