দৈনিক বাংলা মোড়ে গুলিবর্ষণ, আহত ২
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমিতির দুই কর্মচারী আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজউক অ্যাভিনিউয়ে অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী ওলামালীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় কার্যালয়ের দায়িত্বে থাকা দুই কর্মচারী বাধা দিতে গেলে তাদের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মতিঝিল থানার ডিউটি অফিসার সোনিয়া পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
মতামত দিন