নিরাপত্তারক্ষী- রিকশা চালক সংঘর্ষের জেরে উত্তরায় শপিংমলে ভাঙচুর
রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় রিকশা চালকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। এসময় উত্তরার একটি শপিংমলে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
রোববার দিবাগত রাত আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা সেক্টর-১৩-এর সোনারগাঁও জনপথ রোডে উত্তরা স্কয়ার শপিংমলের সামনে অজ্ঞাতপরিচয় দুই পক্ষের মধ্যে গাড়ি পার্কিং করা নিয়ে ঝগড়া শুরু হয়।
ঝগড়ার সময় একজন রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়।
তবে এই সংবাদ লেখা পর্যন্ত কোনও প্রতিবেদনে এই ধরণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর কিছুক্ষণ পরেই শত শত রিকশা চালক জড়ো হয়ে শপিংমলের বেশ কয়েকটি তলা ভাঙচুর করেন। তারা কথিত হত্যার বিচার দাবি করে স্লোগানও দেন। বাইরে থেকে শপিংমলে ইট ও পাথরও ছুঁড়ে মারেন।
জানা গেছে, দুই ঘণ্টারও বেশি সময় ধরে এই অস্থিরতা অব্যাহত রয়েছে, যার ফলে ১৩ নম্বর সেক্টর সহ আশেপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উত্তরা পশ্চিম থানার কাছাকাছি থাকার পরও, স্থানীয়রা ঘটনাস্থলে কোনও পুলিশের উপস্থিতি দেখতে পাননি বলে জানিয়েছেন।
স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
রোববার দিবাগত রাত আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এবিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শপিংমল ভাংচুরের চিত্র দেখা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে