যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ নিহত ৮
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর গুলিতে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শনিবার (১০ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
এ ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও পুলিশ জানায়, তার বয়স ৪৫ বছর।
এরি পুলিশের প্রধান রিক লোরাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজের ছোড়া গুলিতে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লোরাহ বলেন, ‘কিছু ঘটনা ঘটনাস্থল ছেড়ে আসার পরও দীর্ঘদিন মনে গেঁথে থাকে। এটি তেমনই একটি মর্মান্তিক ঘটনা।’
হামলার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। রিক লোরাহ বলেন, নিহত আটজনের মধ্যে সাতজন হামলাকারীর পরিবারের সদস্য এবং অন্যজন তাঁদের পারিবারিক বন্ধু।
এরি পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, হামলাকারী বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করার পর বাইরে বেরিয়ে এসে দুই নারীকে গুলি করেন। ওই দুই নারীকে তখন বিচলিত অবস্থায় দেখা যায়। তাঁরা এদিক-সেদিক হাঁটছিলেন এবং প্রতিবেশীদের কাছে সাহায্য চাইছিলেন। পরে পেরি স্ট্রিটের ওই বাড়ির দ্বিতীয় তলায় হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এরি শহরের মেয়র দারিয়া ডেভলিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। তা সত্ত্বেও সদস্যরা সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, ‘তাঁরাও এই সম্প্রদায়ের সদস্য। গত রাতে যা ঘটেছে, তার ভার তাঁদেরও বহন করতে হবে।’
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় গভর্নর জানান, এরি শহরের মেয়র ডেভলিনের সঙ্গে তিনি কথা বলেছেন এবং এই ‘মর্মান্তিক বন্দুক হামলার’ পর প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন।
এর আগেও গান ভায়োলেন্স প্রতিরোধে সার্বজনীন ব্যাকগ্রাউন্ড চেক ও ট্র্যাকিংবিহীন 'ঘোস্ট গান' বা হাতে তৈরি অস্ত্রের ওপর কঠোর নিষেধাজ্ঞা আনার চেষ্টা করেছিলেন গভর্নর জোশ শাপিরো।
যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই চার শতাধিক গণগুলির ঘটনা ঘটেছে। মার্কিন পরিভাষায় হামলাকারী ছাড়া চার বা ততধিক ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাকে ‘মাস শুটিং’ বা গণগুলি হিসেবে চিহ্নিত করা হয়।
সূত্র: রয়টার্স
মতামত দিন