কল্যাণপুরে যাত্রী ভোগান্তি নিয়ে সহজ ডটকমের বক্তব্য
‘‘সহজ ডটকমের প্রতারণা, কল্যাণপুরে বাস কাউন্টারের সামনে অসংখ্য ভুক্তভোগী’’ শিরোনামে ১৯ মার্চ ভিউজ বাংলাদেশে একটি রিপোর্ট প্রকাশিত হয়। এই প্রতিবেদনের জবাবে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম সহজ ডটকম তাদের অবস্থান পরিষ্কার করে বক্তব্য দিয়েছে। নিচে সেটি তুলে ধরা হলো-
সহজ ডটকম প্ল্যাটফর্ম থেকে ব্লু লাইন এক্সপ্রেসের টিকিট কেনা যাত্রীদের কল্যাণপুরে যে ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
সহজ ডটকম সবসময় যাত্রীদের জন্য সহজ, নির্ভরযোগ্য টিকিটিং সেবা দিতে চেষ্টা করে। আমাদের প্ল্যাটফর্মে বাসের সময়সূচি ও সিটের তথ্য সংশ্লিষ্ট বাস অপারেটরের দেওয়া তথ্য অনুযায়ী প্রকাশ করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, খারাপ আবহাওয়া, রাস্তায় সমস্যা এবং ঈদযাত্রার অতিরিক্ত চাপের কারণে বাসগুলোর নির্ধারিত ট্রিপ ঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এর ফলে ১৯ মার্চ ঢাকার কিছু ট্রিপ সময়মতো ছাড়তে পারেনি।
এছাড়া, ভোরে কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকা এবং যাত্রা ও রিফান্ড নিয়ে অনিশ্চয়তার কারণে কিছু যাত্রীকে বাড়তি সমস্যায় পড়তে হয়েছে। এই অভিজ্ঞতার জন্য আমরা সত্যিই দুঃখিত।
ঈদের কারণে ফোনকলের চাপ বেশি থাকায় কিছু ক্ষেত্রে আমাদের কাস্টমার সাপোর্ট থেকে সাড়া দিতে দেরি হয়েছে। তারপরও আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং অপারেটরসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে পুরো ঘটনা যাচাই করছি, যাতে ভবিষ্যতে এমন সমস্যা না হয়।
সহজ ডটকমের মাধ্যমে বুক করা যেসব ট্রিপ বাতিল হয়েছে, সেসব যাত্রীদের রিফান্ড প্রক্রিয়া নিয়ম অনুযায়ী ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি, যাত্রীদের অভিযোগ দ্রুত সমাধানের জন্যও আমরা কাজ করছি।
যাত্রীদের বিশ্বাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আমরা আরও ভালো সমন্বয়, যোগাযোগ এবং সার্ভিস মনিটরিং নিশ্চিত করার চেষ্টা করছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে