হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আংশিকভাবে পুনরায় শুরু
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে সীমিত পরিসরে জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক তথ্য সংস্থা এ-এক্স-এস মেরিন।
সংস্থাটি জানায়, আজ পর্যন্ত অন্তত ১০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যার মধ্যে চারটি ইরানের জাহাজ। তবে বর্তমানে প্রতিটি জাহাজকে চলাচলের জন্য ইরানের অনুমতি নিতে হচ্ছে, ফলে স্বাভাবিক গতিতে নৌ চলাচল ফিরছে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালি দিয়ে শান্তিকালে প্রতিদিন উভয়মুখী ৫০ থেকে ১০০টি জাহাজ চলাচল করত। কিন্তু সাম্প্রতিক সংঘাতের কারণে গত দুই সপ্তাহে এই সংখ্যা নেমে এসেছে দিনে মাত্র ২ থেকে ৭টিতে।
প্রতিবেদন অনুযায়ী, শুরুতে ইরান চীন, রাশিয়া, ভারত, ইরাক ও পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে চলাচলের অনুমতি দেয়। পরে কূটনৈতিক আলোচনার মাধ্যমে মালয়েশিয়া ও থাইল্যান্ডের জাহাজকেও অনুমতি দেওয়া হয়। সর্বশেষ ২ এপ্রিল ফিলিপাইনের পতাকাবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে চাপ অব্যাহত থাকতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে