নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে এ আবেদন করেছেন শেখ হাসিনা। রয়টার্স চিঠিটি দেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এই প্রথম তাঁর এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর জানা গেল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় আগে গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। রয়টার্সকে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতোই ভারতে অবস্থান করছেন, কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে আছেন। আবার অনেকে কারাগারে রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা তাদের বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।
অন্যদিকে, তাঁর দেশে ফেরা ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়েছে।
মতামত দিন