নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক রাতে বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বাড়ির সামনের ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতে আগুন দেন।
পাশাপাশি মিছিল নিয়ে তারা ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’—এ ধরনের স্লোগান দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, একদল যুবক মিছিল নিয়ে এসে বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করলে কয়েকটি স্থানে আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন বাধা দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের চেষ্টায় বিভিন্ন স্থানে জ্বলে ওঠা আগুন নিভিয়ে ফেলা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলা এলাকায় শামীম ওসমানের এই ডুপ্লেক্স বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেদিন এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।
মতামত দিন