এলডিসি উত্তরণে নতুন বাজার ও মুক্তবাণিজ্য চুক্তিতে জোর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা মোকাবিলায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।
সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আফ্রিকার দেশগুলোর সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং, তথ্যপ্রযুক্তি এবং কৃষিখাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর পাশাপাশি সরাসরি পেমেন্ট ব্যবস্থা সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আফ্রিকাসহ সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক বিভিন্ন বাণিজ্য চুক্তি সইয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আফ্রিকার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, ফলমূল এবং সিরামিক পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব বাজারে প্রবেশে দেশীয় উদ্যোক্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলডিসি-পরবর্তী সময়ে সম্ভাব্য বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন উপস্থিত ছিলেন।
মতামত দিন