Views Bangladesh Logo

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব: রয়টার্স

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। পাশাপাশি দেশের মাটিতে নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি আশা করছেন, দেশের হয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করতে পারবেন।

রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার যদি আমাকে এই মর্মে ক্লিয়ারেন্স দেয় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তবে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরব। আমি আদালতের বিচার এবং যা যা করা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হতে রাজি আছি।

শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সময় দেওয়া ওই সাক্ষাৎকারে সাকিব নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জানি, আমি কিছুই করিনি।

গত দুই বছর দেশের বাইরে থাকা নিয়ে এটিই সাকিবের সবচেয়ে বিস্তারিত বক্তব্য। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে দেশে ফিরে নিজের অবস্থান পরিষ্কার করতে চান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ