Views Bangladesh Logo

শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্যানেলে থাকবেন সাকিব আল হাসান

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে অংশ নিতে পারেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য দেবেন। আলোচক হিসেবে সেখানে সাকিবসহ আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির থাকার কথা জানিয়েছে আয়োজকরা।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্যানেলে আরও থাকবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।

রাজনীতিতে যুক্ত হওয়ার পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও ওই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তাঁর সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।

রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন সাকিব। ফলে শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ