‘নভেম্বরে শাহজালালের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে’
চলতি বছরের নভেম্বরের দিকে থার্ড টার্মিনালে অপারেশন শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বেবিচক কার্যালয়ে থার্ড টার্মিনাল নিয়ে অগ্রগতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালের ভবনের কাজ ৯৯ শতাংশ শেষ। টার্মিনালের সামনে এপ্রোনটার কাজও শেষ।' সেটি আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবহার করব। দুই কর্নারে সিলিং এবং বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকী আছে। আগামী মার্চের মধ্যে এসব কাজ শেষ হবে। সব শেষ হলেও এখন পর্যন্ত ভিভিআইপি লাউঞ্জের কাজ ৬৫ শতাংশ শেষ হয়েছে। আমরা এটি দ্রুত শেষ করার চেষ্টা করছি।'
চলতি বছর টার্মিনালটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, যেকোনো মূল্য এই বছরের মধ্যে টার্মিনালটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। কারণ, আপনারা জানেন এখানে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এখানে ২ দশমিক ১ বিলিয়ন ডলার খরচ হয়েছে, যা জাইকা থেকে আমরা লোন নিয়েছি এবং সরকারও কিছু টাকা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আমরা অক্টোবরেই শুরু করব। অক্টোবরে না পারলে নভেম্বরে যেকোনো মূল্যে আমরা অপারেশনে যাব।
থার্ড টার্মিনালের কার পার্কিং ঠিক জায়গায় রাখা হয়নি উল্লেখ করে তিনি বলেন, সেটি সামনে রাখা হয়েছে। এটি সামনে না হলে ভবনের সৌন্দর্য আরও বাড়ত। হয়তো জায়গা ছিল না বলে করা হয়েছে ।
বেবিচক চেয়ারম্যান বলেন, এখন বিমানবন্দরে ২৪টি সংস্থা কাজ করছে। সবাই মিলে নিরাপত্তার কাজ করছে। তবে কেউ যদি কাজে কোনো ভুল করে বসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং হচ্ছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না।
এসময় তিনি সিলেট, কক্সবাজার, যশোর, বগুড়া, সৈয়দপুর এয়ারপোর্টের টার্মিনাল নিয়েও কথা বলেন। চলমান সব প্রজেক্টের কাজ চলতি বছরেই শেষ করা হবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।
মতামত দিন