Views Bangladesh Logo

ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ মোড় ও আশপাশের এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের সংঘর্ষের পর সন্ধ্যায় শাহবাগে পুনরায় জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা চারদিকে ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এর আগে শুক্রবার দুপুরের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিলে পুলিশ বাধা দেয়।

বিকেল সোয়া ৩টার দিকে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানে আবারও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনার পর শাহবাগ, বাংলামোটর ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ