এবার শাহবাগ অবরোধ একদল শিক্ষার্থীর
ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের বৈঠক চলার মধ্যেই তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আরেক দল শিক্ষার্থী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এই অবরোধে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
এর আগে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ছয় দফা দাবি নিয়ে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের দাবি রাখা হয়নি।
প্রতিনিধিদলের দাবিগুলোর মধ্যে রয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যাঁরা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবেন, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।
শিক্ষার্থীরা আরও দাবি জানিয়েছেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় তাদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছুটা সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে যে পরিবর্তন আনা হয়েছে—যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল—তা বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে। এ ছাড়া পরীক্ষা চলাকালে 'সচেতন গার্ড'-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত না হন বা মানসিক চাপে না পড়েন।
মতামত দিন