Views Bangladesh Logo

সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের পাঁচ দিনব্যাপী শিক্ষা-সংস্কৃতি উৎসব

 VB  Desk

ভিবি ডেস্ক

শিশুদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও সামগ্রিক বিকাশকে উৎসাহিত করতে পাঁচ দিনব্যাপী 'শিক্ষা-সংস্কৃতি উৎসব–২০২৬' আয়োজন করেছে সহজপাঠ উচ্চ বিদ্যালয়। আগামী ২১ থেকে ২৫ জুলাই (৬ থেকে ১০ শ্রাবণ ১৪৩৩) পর্যন্ত চলবে এ উৎসব। এর মূল মঞ্চ আয়োজন অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জুলাই বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর অংশগ্রহণে আঁকা ও গড়া, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং গণিত বিষয়ের শ্রেণিকক্ষভিত্তিক কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় নাটক, দলীয় সংগীত, নৃত্য, জারি গান, পুঁথি পাঠসহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এরপর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক, নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে।

উৎসবের দ্বিতীয় দিনের মূল আয়োজন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত। এদিন শিক্ষার্থীরা বিশ্বসাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে ইংরেজি নাটক এবং অন্যান্য বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করবে।

আয়োজকদের মতে, শিক্ষা-সংস্কৃতি উৎসবটি কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বরং সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের শিশুকেন্দ্রিক শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক পরিবেশ তৈরি হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ছাড়াও শিশুদের অভিভাবক, শিক্ষাবিদ এবং সমাজের শিশুবান্ধব ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এই উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ