মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটের ঘটনায় শাহআলী থানার ওসি প্রত্যাহার
ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট এবং ভবন ভেঙে দেওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে আলোচনার মধ্যে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপি সদরদপ্তরের এক আদেশে জাহাঙ্গীর আলমকে শাহআলী থানা থেকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছিলেন, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলের কাছেই থানা থাকার পরও হামলা ঠেকানো গেল না কেন—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, ‘যেহেতু গভীর রাতের ঘটনা, তো আমরা দেখছি পুলিশ জানার পরেও এখানে সময়মতো এসেছিল কি না এবং পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা আছে কি না।’
এর মধ্যেই শাহআলী থানার ওসিকে প্রত্যাহারের খবর এলো।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। পুলিশ বলছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ভাষ্য, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তারা ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।
বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টানিয়ে দিয়ে চলে যান।
ভুক্তভোগী সংস্থাটি জানিয়েছে, হামলার সময় তাদের অফিসের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি টিকাদানের বিপুল পরিমাণ সামগ্রীও লুট করা হয়।
এ ঘটনায় শাহআলী থানায় মামলা করেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মতামত দিন