ছাত্রশিবিরের দ্বায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায়ের কথা জানান সাদিক কায়েম। একাধিক সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন কায়েম। এ কারণে তিনি ছাত্রশিবির থেকে সরে দাঁড়িয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে।’
একই সঙ্গে সংগঠনের কর্মীদের জন্য দোয়া করেন তিনি।
প্রায় ২ মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এরপর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রশিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনের সুযোগ নেই।
সাদিক কায়েম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি মাঠপর্যায়ে সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তার শিক্ষাজীবনের শুরু খাগড়াছড়িতে বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসায়। সেখান থেকে ২০১৪ সালে সাদিক কায়েম দাখিল এবং পরবর্তীতে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে ২০১৬ সালে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
মতামত দিন